আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সাহস দিলেন এমপি সরোয়ার আলমগীর

শান্ত ফটিকছড়িকে অশান্ত করার অপচেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর।

তিনি বলেছেন, সংসদীয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। পুলিশ প্রশাসনের ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রশাসনকে সাহস জোগাতে গত সোমবার রাতে সংঘটিত ঘটনার অপরাধীদের ধরতে রাত সাড়ে ১১টায় তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে ফটিকছড়ি উপজেলা ও ফটিকছড়ি উত্তর উপজেলার যৌথ আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতারা বিদেশে বসে উসকানি দিয়ে কিশোরদের প্রলোভন দেখিয়ে মাঠে নামানোর চেষ্টা করছে। অথচ এসব কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে অভিভাবকদের সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা প্রতিহত করে ফটিকছড়িকে শান্ত রাখতে ওই সংগঠনের নেতাকর্মীদের বাইরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সাঁওতাল ও মারমাসহ সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে তাঁরা কাজ করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে সংসদ সদস্য বলেন, কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। দেশের জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। সংসদীয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাইরে জনপ্রতিনিধি, প্রশাসনসহ ফটিকছড়িবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

ডিসেম্বর মাসে ব্যাপক আয়োজনে বিজয় দিবস উদযাপনের বিষয়ে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জনপদ ফটিকছড়ি। মুক্তিযুদ্ধের সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ জনপদে অবস্থান করেছিলেন। বিজয় দিবসের অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা এবং ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলনকারীদের অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

সভায় ফটিকছড়ি সংসদীয় এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়ির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিনুল হাসান, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীসহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের প্রধানরা।

পরে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন