পরিবার থেকে সমাজ- সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীর কণ্ঠস্বর আজও নানা অদৃশ্য বাধার সম্মুখীন। সেই বাধা ভেঙে তৃণমূল থেকেই যোগ্য ও আত্মবিশ্বাসী নারী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে নেত্রকোনায় সম্পন্ন হলো ব্যতিক্রমী আয়োজন। বেসরকারি সংগঠন বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘রূপান্তরমূলক নেতৃত্ব’ বিষয়ক প্রশিক্ষণ তৃণমূলের বিশজন নারী নেত্রীর সামনে খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দুয়ার।
সোম ও মঙ্গলবার (২৩-২৪ নভেম্বর) নেত্রকোনা পৌরশহরের পূর্ব কাটলী এলাকার বিএনপিএস এমএফটি প্রশিক্ষণ কক্ষ মুখরিত ছিল অংশগ্রহণমূলক আলোচনা ও অভিজ্ঞতার বিনিময়ে। সংস্থাটির ‘অ্যাডভান্সিং ইকুয়্যালিটি অব উইমেন অ্যান্ড মার্জিনালাইজড্ পিপল (আওয়াম)’ প্রকল্পের আওতাধীন ১০টি ক্লাস্টার কমিটির নির্বাচিত ২০ জন নারী নেত্রী এতে অংশ নেন। গতানুগতিক আলোচনার বদলে এখানে গুরুত্ব পেয়েছে নারীর নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ, বিশ্লেষণী ক্ষমতা, কার্যকর যোগাযোগ, অ্যাডভোকেসি এবং দল পরিচালনার বাস্তব কৌশল।
দুই দিনের আয়োজনে উঠে এসেছে তৃণমূলের নারীদের প্রতিদিনের লড়াই ও ক্ষমতায়নের পথ। পারিবারিক, সাংগঠনিক ও সামাজিক পরিসরে সিদ্ধান্ত গ্রহণে নারীরা কী ধরনের বাধার মুখোমুখি হন এবং কীভাবে তা অতিক্রম করা সম্ভব, তা নিয়ে চলে প্রাণবন্ত আলোচনা। পাশাপাশি সাংগঠনিক ও সামাজিক কাজে সমস্যা সমাধান ও বিরোধ নিরসনের কৌশল, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রতিকার, বাল্যবিয়ে ও জোরপূর্বক বিয়ের কুফল এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নারীর করণীয় নিয়ে সম্যক ধারণা দেওয়া হয়। সরকারি সেবায় নারীর প্রবেশাধিকার ও সেবা গ্রহণের পদ্ধতিও ছিল আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। প্রশিক্ষক হিসেবে পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন নারীনেত্র উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক কামরুন্নাহার লিপি ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নুরুজ্জামান।
প্রশিক্ষণের উদ্বোধন করে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, পরিবার ও সমাজে সিদ্ধান্ত গ্রহণে নারীদের প্রবেশাধিকার বাড়াতে হলে আগে তাদের সক্ষমতা বাড়াতে হবে। বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধের পাশাপাশি সন্তানকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েদের দায়িত্বশীল ভূমিকার কথাও তিনি স্মরণ করিয়ে দেন। সেই সঙ্গে নারীদের জন্য সরকারের গৃহীত কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করেন।
আয়োজনটি নিয়ে আশাবাদী বিএনপিএসের কেন্দ্র ব্যবস্থাপক মৃণাল কান্তি চক্রবর্তী। তার বিশ্বাস, এই প্রশিক্ষণ ক্লাস্টার কমিটির নেতৃবৃন্দকে নারী দলের সচেতনতা সেশন পরিচালনার পাশাপাশি স্থানীয় সরকারি-বেসরকারি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় গড়তে সক্ষম করে তুলবে। সক্ষমতার নতুন পাথেয় নিয়ে নিজ নিজ এলাকায় ফিরছেন তৃণমূলের নারী নেত্রীরা- সমতাভিত্তিক সমাজ গড়ার প্রত্যয়ে।
পড়ুন : সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার


