পৌরসভার প্রাণকেন্দ্রে বসবাস করেও পানির সংযোগ পাননি অনেকে। কেউ সংযোগের জন্য আবেদন করেও প্রত্যাশিত সাড়া পাচ্ছেন না, আবার কেউ এখনো অপেক্ষায় রয়েছেন কবে তাঁদের বাসাবাড়িতে পৌঁছাবে নিরাপদ পানির লাইন। অথচ পৌরবাসীর এই দুর্ভোগ লাঘবে পাঁচ বছর আগে শুরু হয়েছিল প্রায় ১৪ কোটি ৭০ লাখ টাকার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রকল্পের কাজ শেষ হয়নি। অর্থসংকটে বন্ধ রয়েছে অবশিষ্ট কাজ।
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নাগরিকদের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে ২০২১ সালে প্রকল্পটির কাজ শুরু হয়। পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের মধ্যে পুরো প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা অতিক্রম করলেও এখন পর্যন্ত প্রায় ৫০ শতাংশ কাজ অসমাপ্ত রয়েছে। এতে একদিকে যেমন প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী, অন্যদিকে প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
প্রকল্পের আওতায় রয়েছে ৬ লাখ ৮০ হাজার লিটার ধারণক্ষমতার একটি ওভারহেড ট্যাংক, ১ লাখ ৫০ হাজার লিটারের একটি ট্রিটমেন্ট ট্যাংক, দুটি পাম্প হাউস, একটি প্ল্যান্ট পাম্প, জেনারেটর রুম এবং ৩৯ দশমিক ৮৭ কিলোমিটার পানি সরবরাহ লাইন নির্মাণের পরিকল্পনা। এসব অবকাঠামো নির্মাণ ও পানি সরবরাহব্যবস্থা চালুর মাধ্যমে পৌর এলাকার বাসিন্দাদের ঘরে ঘরে সুপেয় পানি পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
প্রকল্পের শুরুতে বাস্তবায়নের দায়িত্বে ছিল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পরবর্তী সময়ে এ দায়িত্ব দেওয়া হয় বড়লেখা পৌরসভার প্রকৌশল বিভাগকে। তবে দায়িত্ব হস্তান্তর হলেও প্রকল্পের কাজ প্রত্যাশিত গতিতে এগোয়নি। কিছু পরিবার পানির সংযোগ পেলেও পৌর এলাকার বড় একটি অংশ এখনো এ সুবিধার বাইরে রয়েছে।
পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও মানবাধিকারকর্মী জাহানারা বেগমের অভিযোগ, পানির সংযোগ পাওয়ার আশায় আবেদন করতে গিয়ে তাঁর আবেদন গ্রহণ করা হয়নি। দীর্ঘদিন ধরে পৌরসভার পানি সরবরাহ প্রকল্পের কথা শুনলেও এখনো কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তিনি। যেসব বাসিন্দা এখনো পানির লাইন পাননি, তাঁদের জন্য দ্রুত নতুন প্রকল্প গ্রহণ ও সংযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি।
পৌরসভার প্রাণকেন্দ্রে বসবাস করেও পানির সংযোগ না পাওয়ার বিষয়টি তুলে ধরেছেন উপজেলা প্রেসক্লাব বড়লেখার সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল হাফিজ চৌধুরী। তিনি বলেন, পৌর এলাকার অনেক বাসিন্দা এখনো পানি সরবরাহের সুবিধা থেকে বঞ্চিত। রাস্তা কেটে পানির লাইন স্থাপনের পরিবর্তে পানি নিষ্কাশনের ড্রেনের পাশ দিয়ে লাইন নেওয়ার ব্যবস্থা করা গেলে পাকা রাস্তা কাটার প্রয়োজন কমবে।
পৌরসভার পানি সরবরাহ ব্যবস্থার এমন অসম্পূর্ণতা নিয়ে উদ্বেগ রয়েছে স্থানীয় ব্যবসায়ী নেতাদের মধ্যেও। হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সদস্যসচিব ও পৌর এলাকার বাসিন্দা আব্দুর রহমান মানিক বলেন, পৌর এলাকার অধিকাংশ মানুষ এখনো পানির লাইন পাননি। নাগরিকদের জন্য পানি সরবরাহ একটি গুরুত্বপূর্ণ সেবা। তাই অর্থ বরাদ্দের ব্যবস্থা করে দ্রুত প্রকল্পের কাজ শেষ করা প্রয়োজন।
একই দাবি জানিয়েছেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক আহ্বায়ক হারুন আহমদ। তিনি বলেন, দীর্ঘ সময় পার হলেও অনেক বাসাবাড়িতে পানির সংযোগ দেওয়া সম্ভব হয়নি। দ্রুত প্রকল্পের কাজ শেষ করে পৌরবাসীর ঘরে ঘরে পানির লাইন পৌঁছে দিতে হবে।
প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে পৌরসভার সহকারী প্রকৌশলী জানান, ইতোমধ্যে কিছু পরিবারকে পানির সংযোগ দেওয়া হয়েছে। তবে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় প্রকল্পের অবশিষ্ট কাজ সম্পন্ন করা যাচ্ছে না। প্রকল্পের প্রায় ৫০ শতাংশ কাজসহ ৩৯ দশমিক ৮৭ কিলোমিটার পানি সরবরাহ লাইন নির্মাণসহ অন্যান্য অসমাপ্ত কাজ শেষ করতে নতুন করে অর্থের প্রয়োজন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে ২০২৬ সালের ১৭ আগস্ট স্মারক নম্বর ২৬-১৮-এর মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে সেই বরাদ্দের বিষয়ে এখনো চূড়ান্ত সমাধান না হওয়ায় প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।
বড়লেখা পৌরসভার প্রশাসক নাঈমা নাদিয়া জানান, বাংলাদেশের ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় বড়লেখায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আগামী মাস থেকে পুরোদমে পানি সরবরাহ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে পৌরসভার বড় একটি অংশ এখনো পানির সংযোগ না পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ক্ষেত্রে দূরত্বের বিষয়টি গুরুত্বপূর্ণ। প্রকল্প বাস্তবায়নে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। আবেদন থাকা সত্ত্বেও অনেককে সংযোগ দেওয়া যাচ্ছে না। কারণ, পানির লাইন স্থাপনের জন্য পাকা রাস্তা কাটতে হয়, যা সাধারণ মানুষ মেনে নিতে চান না। পাশাপাশি অর্থসংকটের কারণেও কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। নতুন প্রকল্পের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে যেসব বাসিন্দা এখনো পানির সংযোগ পাননি, তাঁদের সংযোগ দেওয়া হবে।
দ্বিতীয় শ্রেণির পৌরসভা বড়লেখায় নাগরিকদের জন্য নিরাপদ পানি সরবরাহ এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। প্রায় পাঁচ বছর ধরে প্রকল্পের কাজ চললেও এখনো অনেক কাজ বাকি রয়েছে। এতে পানির সংযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন পৌরসভার অনেক বাসিন্দা।
পৌরবাসীর প্রত্যাশা, বিদ্যমান সমস্যা ও অর্থসংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে। প্রতিটি ওয়ার্ডের বাসিন্দার ঘরে ঘরে নিরাপদ পানির সংযোগ পৌঁছে দেওয়া হবে। পৌরবাসীর দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এমনটাই আশা করছেন বড়লেখা পৌরসভার বাসিন্দারা।
পড়ুন : আপত্তিকর ভিডিও ভাইরাল: দলীয় পদ হারালেন এমপির পিএস নয়ন


