পোশাক শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, বেতন বাড়ানোর পর বাড়িভাড়া বাড়ানো হলে শ্রমিকদের আর্থিক স্বস্তি ব্যাহত হবে। তাঁদের বাড়তি আয়ের সুফল নিশ্চিত করতে বাড়ির মালিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদের ক্ষণিকা সভাকক্ষে শিল্পাঞ্চলের বাড়ির মালিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞা।
এ সময় এমপি এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, শ্রীপুর একটি শিল্পাঞ্চল। এখানকার শিল্পকারখানার সঙ্গে শ্রমিক, বাড়ির মালিক, ব্যবসায়ীসহ অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে হলে সব পক্ষকে দায়িত্বশীল হতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতার বিকল্প নেই।
সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: সিরাজ উদ্দিন কাইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শ্রীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকার বাড়ির মালিকেরা। এ ছাড়া বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
পড়ুন : আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে নাটোরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ


