জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ রনজু সরকার নামে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রনজু ওই এলাকার মিন্টু সরকারের ছেলে।
এসআরবি-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দাদরা দুধিয়াপাড়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে তার হেফাজত থেকে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রনজু এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী বলে দাবি এসআরবি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে ১৩টি মামলা রয়েছে।
পরে গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত আইনগত ব্যবস্থা নিতে জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়।
পড়ুন : ধামরাই প্রেসক্লাবের নির্বাচন ২৮ নভেম্বর, জমে উঠেছে লড়াই


