শেখ হাসিনার কারণে বাংলাদেশ-ভারত সম্পর্কে অচলাবস্থা : বিবিসির প্রতিবেদন

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড ঘিরে নতুন করে চাপে পড়েছে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন পলাতক এই সাবেক প্রধানমন্ত্রী। তবে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনাকে দেশে ফিরলেই গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে ঢাকা।

অন্যদিকে তাকে আশ্রয় দেয়া ভারতও পড়েছে কূটনৈতিক অস্বস্তিতে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ যখন নানা জটিলতায় আটকে আছে, তখন হাসিনার নানা কর্মকাণ্ড চলমান পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। এখন প্রশ্ন, হাসিনাকে ঘিরে ভারত-বাংলাদেশ সম্পর্কে সৃষ্ট এই অচলাবস্থা কাটাতে কোন পথে হাঁটবে দিল্লি?

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলন ও অভ্যুত্থানে ১৫ বছরের শাসনের অবসান ঘটলে দেশ থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন ৭৯ বছর বয়সী শেখ হাসিনা। তার মুখপাত্র দাবি করেছেন, বাংলাদেশের বিজয় দিবসেই হাসিনা নাকি দেশে ফিরতে চান।

মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে হাসিনাকে ইতোমধ্যেই মৃত্যুদণ্ড দিয়েছেন বাংলাদেশের একটি আদালত। ভারতে পলাতক অবস্থায় থাকায় তার অনুপস্থিতিতেই এই বিচার অনুষ্ঠিত হয়। বাংলাদেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের হিসাবে, অভ্যুত্থান চলাকালে হাসিনা সরকারের দমনপীড়ন ও নিরাপত্তা বাহিনীর হাতে ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ সরকার ইতোমধ্যেই ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে এবং জানিয়েছে, পলাতক সাবেক এই প্রধানমন্ত্রী দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। একই সঙ্গে তার মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিশ্রুতিও দিয়েছে সরকার।

এখন হাসিনা চাইছেন, বাংলাদেশ সরকার যেন দিল্লি থেকে তার ফেরার জন্য বিমান পাঠায়। আর সেটি সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইটে কিংবা স্থলসীমান্ত পেরিয়ে দেশে ফিরতে চাওয়ার ইচ্ছে রয়েছে তার।

আবু ওবায়দা আরিন নামে হাসিনার এক ঘনিষ্ঠ সহযোগীর দাবি, ‘তিনি নাকি প্রয়োজনে হেঁটেও বাংলাদেশে প্রবেশ করতে প্রস্তুত।’

ভারতের পাঁচটি রাজ্য—পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে বাংলাদেশের মোট ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। আরিনের দাবি, হাসিনার সমর্থকেরা সীমান্ত পার হওয়ার সম্ভাব্য ৯টি পথ চিহ্নিত করেছেন। তিনি বলেন, ‘এটি খুব ভেবেচিন্তে তৈরি করা সুনির্দিষ্ট পরিকল্পনা। বিষয়টি মোটেও হালকাভাবে নেয়ার সুযোগ নেই।’

জবাবে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা। সরকারের দাবি, হাসিনাকে অবশ্যই ভারতের কাছ থেকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, ‘বাস্তবতা আর আকাঙ্ক্ষা এক বিষয় নয়। তিনি সাধারণ কোনো বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাকে শুধু হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।’

গত বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ‘প্রতিষ্ঠিত প্রক্রিয়ার’ মাধ্যমে পর্যালোচনা করা হচ্ছে। তবে তিনি স্বেচ্ছায় দেশে ফিরতে চাইলে সেটি ভিন্ন বিষয়।

অনেকের ধারণা, হাসিনার এই ঘোষণা কেবল দেশে ফেরার প্রতিশ্রুতি নয়। তাদের মতে, এর মাধ্যমে তিনি সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করতে, রাজনৈতিক আলোচনায় আবারও নিজের জায়গা করে নিতে এবং তাকে ক্ষমতাচ্যুত করতে এক হওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান বিভক্তিকে কাজে লাগাতে চাইছেন। একই সঙ্গে সাবেক মিত্রকে আশ্রয় দেয়ার কারণে ভারতের যে অমীমাংসিত সমস্যা তৈরি হয়েছে, তা আরও বড় কূটনৈতিক সংকটে রূপ নিতে পারে।

এদিকে ১৬ ডিসেম্বর তারিখটি বেছে নেয়ার পেছনেও রয়েছে ব্যক্তিগত আকাঙ্ক্ষা। বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে নিজের অবস্থান পুনরুদ্ধারের চেষ্টা করছেন হাসিনা। তার সহযোগীদের দাবি, নির্বাসনে থেকেও গত কয়েক মাস ধরে দলকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন তিনি।

আরিন জানান, টেলিগ্রামে অডিও কথোপকথনের মাধ্যমে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন হাসিনা। এর ফলে নির্বাসনে থেকেও দলটির সাংগঠনিক যোগাযোগের নেটওয়ার্ক সচল রাখা সম্ভব হচ্ছে বলে দাবি তার।

তার দাবি, গত ১৮ মাসে এ ধরনের ৩০০টির বেশি বৈঠক করেছেন হাসিনা। দেশের ৬৪ জেলা ও ৩০০ সংসদীয় আসনের নেতা-কর্মীদের সঙ্গে এসব বৈঠকে কথা বলেছেন তিনি। আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক ইউনিটের মাধ্যমে বৈঠকগুলো আয়োজন করা হয়। কোনো কোনো বৈঠক চার থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত চলে।

আরিনের ভাষ্য, এসব বৈঠকে দলের নেতা-কর্মীদের কথা সরাসরি শোনার, তাদের অভিযোগ জানার এবং মাঠপর্যায়ের পরিস্থিতি বোঝার সুযোগ পান হাসিনা। তার দাবি, সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত ফেরার পথে ৫০ লাখ মানুষ জড়ো করে মানববন্ধন তৈরি করার সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে।

তিনি দাবি করেন, ‘এটি বাস্তবায়নের মতো সাংগঠনিক সক্ষমতা আমাদের রয়েছে।’

তবে এই দাবি উচ্চাভিলাষী বলেই মনে হতে পারে। আওয়ামী লীগ এখন কার্যত নিষিদ্ধ এবং মূলধারার রাজনীতি থেকে অনেকটাই বিচ্ছিন্ন। দলটির বেশির ভাগ শীর্ষ নেতা দেশের বাইরে পলাতক অবস্থায়, কারাগারে কিংবা আত্মগোপনে রয়েছেন। পুলিশ দলটির সমর্থকদের গ্রেপ্তার করেছে এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজারো মামলাও করেছে।

তারপরও আওয়ামী লীগের সমর্থকেরা রাস্তায় নেমে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন। দেশের কয়েকটি জেলায় বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষভাবে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থকেরা থানায় হামলা ও তাণ্ডব চালিয়েছেন, যানবাহনে আগুন দিয়েছেন এবং ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের বাড়ি ও কার্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছেন। গাছ কেটে ও টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (এসিএলইডি) তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকেরা ৪০টি বিক্ষোভ ও ১৪০টির বেশি দাঙ্গার ঘটনা ঘটিয়েছেন। সংস্থাটির দাবি, চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন বেসামরিক নাগরিক। নিহতদের ছয়জনের মৃত্যু সরাসরি চলমান অস্থিরতার সঙ্গে সম্পর্কিত।

তবে কোনো দলের তাণ্ডব বা অস্থিরতা সৃষ্টি করার সক্ষমতা থাকলেই যে তাদের ব্যাপক রাজনৈতিক পুনরুত্থান ঘটেছে, এমনটা কখনোই নয়। বাংলাদেশের অনেকেই এখনো সন্দিহান যে শেখ হাসিনা সত্যিই দেশে ফিরবেন কি না। তাদের ধারণা, হতাশ হয়ে পড়া দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করতেই হাসিনা ফেরার ঘোষণা দিয়েছেন।

তবে রাজনৈতিকভাবে ‘একটি সাফল্য’ পেয়েছে আওয়ামী লীগ। দলটি আবারও রাজনৈতিক আলোচনায় ফিরে এসেছে। হাসিনার পতনের পরপরই আওয়ামী লীগের নাম উচ্চারণ করাও একসময় অস্বস্তিকর বিষয় ছিল। এখন দলটির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনের সব পক্ষেই আলোচনা হচ্ছে।

ইংরেজি দৈনিক ডেইলি ওয়াদার সম্পাদক এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, অভ্যুত্থানের সময় গড়ে ওঠা ঐক্যের মধ্যে তৈরি হওয়া ফাটলকে কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ।

তিনি বিবিসিকে বলেন, জুলাই সনদ, প্রস্তাবিত সংবিধান সংস্কার এবং গণভোট নিয়ে মতবিরোধ নির্বাচিত বিএনপি সরকার এবং তাদের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী ও তরুণদের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে বিভক্তি আরও বাড়িয়েছে।

শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ এখানে একটি সুযোগ দেখছে। দলটি মনে করছে, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভক্তি এবং দুর্বল হয়ে পড়া পুলিশ বাহিনীর সুযোগ নিয়ে এখন রাজপথে নামার উপযুক্ত সময়।’

বিশ্লেষকদের মতে, হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য আবারও ঘুরে দাঁড়ানোর বদলে রাজনৈতিক বিরোধ ও সংঘাত আরও বাড়তে পারে। সরকার সাম্প্রতিক বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাগুলোকে সন্ত্রাসবাদ হিসেবে দেখছে।

অন্যদিকে ভারতের জন্যও পরিস্থিতি সামাল দেয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। পালিয়ে আসার পর দিল্লি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। কিন্তু তার প্রকাশ্য বক্তব্যে ক্ষুব্ধ ঢাকা তাকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে বাণিজ্য, সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার উদ্যোগ নিয়েছে ভারত। কিন্তু তারপরও সম্পর্কের টানাপোড়েন কাটেনি।

সম্পর্কের শীতলতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার প্রায় ১০ মাস পার হলেও তারেক রহমানের এখনো ভারত সফর না করার ঘটনায়। খবরে বলা হয়েছিল, আগস্টে তার ভারত সফরের পরিকল্পনা ছিল। কিন্তু দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর দুই দেশের সম্পর্ক নতুন করে স্বাভাবিক করার উদ্যোগ ধাক্কা খায়।

লন্ডনের সোয়াস ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, হাসিনার সর্বশেষ ঘোষণা পরিস্থিতিতে এমন পরিবর্তন এনেছে, যাতে সিদ্ধান্ত নেয়ার চাপ এখন দিল্লির বদলে ঢাকার ওপর পড়েছে।

তার ভাষায়, গত ১০ মাসে তারেক রহমানের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারত নিজের সর্বোচ্চ চেষ্টা করেছে বলে দিল্লি মনে করে। মন্ত্রি পদমর্যাদায়একজন রাজনীতিককে হাইকমিশনার নিয়োগ থেকে শুরু করে নিরাপত্তা ও বাণিজ্য নিয়ে নতুন করে আলোচনার প্রস্তাব—‘সবই করেছে’ দিল্লি।

পালিওয়াল বলেন, ‘এই উদ্যোগ ব্যর্থ হওয়ায় বাংলাদেশের প্রতি ভারতের হতাশা বেড়েছে। ভারত সম্ভবত ধরে নিয়েছে, তারা যা-ই করুক না কেন, দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণই থাকবে। তাই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়ানো থেকে হাসিনাকে বিরত রাখার তেমন কোনো কারণ দিল্লি দেখছে না।’

তার মতে, ভারত চাইলে নিজেদের ভূখণ্ডে হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত রাখতে পারে। কিন্তু দিল্লি হয়তো সেই ক্ষমতা প্রয়োগ করতে চাইছে না।

একই সঙ্গে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে স্থায়ীভাবে বাদ দেয়াও ভারতের স্বার্থের অনুকূলে নয় বলে মনে করেন পালিওয়াল।

তবে ঢাকায় এই দৃষ্টিভঙ্গি নিয়ে ক্রমেই প্রশ্ন উঠছে।

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে এমন ধারণা রয়েছে যে ভারত আওয়ামী লীগকে আবার রাজনীতিতে পুনর্বাসন করতে চায়। তবে ভারতের কিছু অমীমাংসিত বিষয় রয়েছে। এর মধ্যে হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও আছে। এ ছাড়া বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সুবিধা দিতে পারে—এমন ট্রানজিট সুবিধা ভারত নতুন করে চালু করেনি। গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদও শেষ হওয়ার পথে, অথচ এ বিষয়ে তেমন অগ্রগতি নেই। তাহলে বাংলাদেশের মানুষের আস্থা ফিরে পেতে ভারত আসলেই কি যথেষ্ট কিছু করেছে?’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত শুধু পর্যটন ও চিকিৎসা ভিসা চালু হয়েছে। বাকি সবকিছুই অনিশ্চয়তার মধ্যে রয়েছে।’

ঢাকাভিত্তিক একজন পররাষ্ট্রনীতি বিশ্লেষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই দেশ এখনো ‘পারস্পরিক হতাশার’ অবস্থায় আটকে আছে।

তার মতে, এই অচলাবস্থার কেন্দ্রে রয়েছেন হাসিনা। তিনি বলেন, ‘ঘরের মধ্যে থাকা হাতির মতোই হাসিনা এখন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বড় একটি অমীমাংসিত বিষয়। তবে হাসিনাকে পাশ কাটিয়ে সামনে এগোনোর পথও আমাদের খুঁজে বের করতে হবে।’

অবিনাশ পালিওয়ালের মতে, ভারতের জন্য সবচেয়ে কম ক্ষতিকর পরিস্থিতি হতে পারে—শেখ হাসিনা দেশে ফিরে নতুন করে বিচারের মুখোমুখি হবেন এবং আওয়ামী লীগ ভিন্ন নেতৃত্বের অধীনে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হবে।

তিনি বলেন, ‘এতে নিজেদের দীর্ঘমেয়াদি স্বার্থ ও অবস্থান সুরক্ষার জন্য ভারতও কিছুটা সুযোগ পাবে।’

তবে আপাতত ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত নয়। নাম প্রকাশ না করার শর্তে ওই পররাষ্ট্রনীতি বিশ্লেষক বলেন, শেষ মুহূর্তে হাসিনার দেশে ফেরার পরিকল্পনা আবারও পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

এসিএলইডির দক্ষিণ এশিয়াবিষয়ক বিশ্লেষক পার্ল পান্ডিয়া বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। কারণ দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। তবে তার বক্তব্য যে সমর্থকদের নতুন করে উজ্জীবিত করেছে, তা স্পষ্ট।’

তবে এই অচলাবস্থা বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককেও জটিল করে তুলছে।

বিজ্ঞাপন

পড়ুন : মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে: ট্রাম্প

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন