নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে শহরের স্টেশন রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিংহজানী হাইস্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সজিব খান। সঞ্চালনা করেন সদস্যসচিব সোহেল রানা খান।
সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ ফারুক হীরা, কেন্দ্রীয় যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মনজু, শহর যুবদলের শফিকুল ইসলাম শফিক ও সদস্যসচিব জিয়াউল হক জিয়া।
বক্তারা বলেন, সারাদেশে পরিকল্পিতভাবে বোমাবাজি ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এসব সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য মোকাবিলায় যুবদল রাজপথে সোচ্চার থাকবে।
পড়ুন : মেহেরপুরে মাদকের টাকা না পেয়ে কোরআন শরিফ পোড়ানোর অভিযোগ


