রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা স্বাস্থ্যসেবায় ফিরছেন জুলাই থেকে ভাতা ৩৫ হাজার টাকা বাড়ানোর পর। বর্তমানে ৩০ হাজার টাকা ভাতা চলমান রেখে চিকিৎসা সেবায় ফিরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।
আজ রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে এই বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবীসহ জাতীয় নাগরিক কমিটির ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ডা. হুমায়ুন কবীর হিমু, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভাতা বৃদ্ধির দাবিতে ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলা চত্বরে জড়ো হতে থাকেন ট্রেইনি চিকিৎসকরা। এরপর বেলা সাড়ে ১১টায় তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় তাদের অবরোধের কারণে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।

এর আগে, একই দাবিতে গত ২২ ডিসেম্বরও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিলেন।
এনএ/


