কিশোরগঞ্জ জেলা কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ মার্চ) দিবাগত রাত ২ টা ২০ মিনিটে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মৃত ৪০ বছর বয়সী সুজিত চন্দ্র দে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের বাসিন্দা মৃত বদির চন্দ্র দের ছেলে।
গত ১৮ ফেব্রুয়ারি থেকে কিশোরগঞ্জ কারাগারে বন্দি ছিলেন সুজিত। এর আগে গত ৯ সেপ্টেম্বর মিঠামইন থানায় দায়ের হওয়ার একটি রাজনৈতিক মামলায় আসামি হন তিনি ।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা এসব তথ্য নিশ্চিত করেছেন।
কারা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন সুজিত চন্দ্র দে। পরে রাত ১টা ৪০মিনিটে কারাগার থেকে এম্বুলেন্সে করে তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর রাত ২টা ২০মিনিটে সুজিত দে মারা যান। পরে বুধবার সকালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুজিত চন্দ্র দে’র বড় বোন তাপসী রানী জানান, তারা তিন ভাই-বোন। বোনদের বিয়ের পর থেকে সুজিতের উপর পরিবারের পুরো দায়িত্ব পরে যায়। সে বাড়িতে থেকে কৃষি কাজ করে পুরো পরিবার চালাতো। গত ১০ বছর পূর্বে তার বাবা গেছেন। ঘরে ৭০ বছর বয়সী মা, তিনিও প্যারালাইসিস রোগী। সুজিতের ১৯ বছর বয়সী একটা ছেলে আছে সেও মানসিক ভারসাম্যহীন। এই অবস্থায় মামলায় আসামি হওয়ার পর থেকে অনেকটা দুঃচিন্তায় ছিল সে । আদালতে হাজিরা দিয়ে গত দেড়মাস যাবৎ কারাগারে ছিল সুজিত। আজ ভোরে শুনলাম সে মারা গেছে। তাপসী বলেন, তার ভাই কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না, এমনকি তার কোন অসুস্থতাও ছিল না।
এনএ/


