নাটোরের নলডাঙ্গায় ইজিবাইক উল্টে চাপা পড়ে মো. রাকিবুল হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪ জন এসএসসি পরীক্ষার্থী।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নাটোর-নওগাঁ সড়কের মহিষমাড়ি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল হোসেন উপজেলার বাশিলা পূর্বপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি বাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। অন্যদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সকলেই এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত ) মনোয়ার জামান জানান, রাকিবুল হোসেনসহ সকলেই এবারের এসএসসি পরীক্ষার্থী। তারা দুপুরের দিকে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে ইজিবাইক নিয়ে নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঘুরতে যান। একপর্যায়ে ওই মহাসড়কের মহিষমাড়ি ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটি উল্ট যায়। এতে ইজিবাইক চালকসহ সবাই সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় ইজিবাইকটি রাকিবুলের গায়ের ওপর আছড়ে পড়লে গুরুতর জখম হয়। তাকে উদ্ধার করে জেলা সদরের একটি ক্লিনিকে নিলে সেখানে তার মৃত্যু হয়। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পড়ুন : নাটোরে পলিটেকনিক শিক্ষার্থীদের ৬ দফা ও হামলার প্রতিবাদে মানববন্ধন


