মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ৬ মে শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদেশে বলা হয়, ৬ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। সেদিন আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি শীর্ষে থাকবে।
এর আগে, সোমবার (২১ এপ্রিল) আপিল শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।
এই শুনানিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালসহ জামায়াতপন্থি বহু আইনজীবী। জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী এবং আইনজীবী শিশির মনির।
গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ এটিএম আজহারুল ইসলামের করা রিভিউ আবেদন মঞ্জুর করে মূল আপিল শুনানির অনুমতি দেয়। এটি মানবতাবিরোধী অপরাধের মামলার মধ্যে প্রথম, যেখানে রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিল সর্বোচ্চ আদালত। আদালত সেই সময় আসামিপক্ষকে দুই সপ্তাহের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দিতে নির্দেশ দেয় এবং এরপর দুই সপ্তাহের মধ্যে প্রসিকিউশনকে তাদের সারসংক্ষেপ জমা দিতে বলে।
আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। রংপুর অঞ্চলে সংঘটিত গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগসহ মোট ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয় বলে রায়ে উল্লেখ করা হয়। এসব অভিযোগে ১,২৫৬ জন মানুষকে হত্যা, ১৭ জনকে অপহরণ ও একজন নারীকে ধর্ষণের মতো গুরুতর অপরাধের কথা উঠে আসে।
এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি জামায়াত নেতা আজহারের আইনজীবীরা আপিল করেন। ১১৩টি যুক্তি তুলে ধরে খালাস চেয়ে ৯০ পৃষ্ঠার মূল আপিল এবং ২,৩৪০ পৃষ্ঠার সংযুক্ত নথিপত্র আদালতে জমা দেওয়া হয়। শুনানির পর ২০১৯ সালের ৩১ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে। এরপর ২০২০ সালের ১৯ জুলাই আজহার রিভিউ আবেদন করেন।
পড়ুন: মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি বুধবার
দেখুন: শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যানের বিরুদ্ধে নানান অভিযোগ
ইম/


