ছয় দফা দাবি আদায়ে বিক্ষোভ-সমাবেশের পর এবার সারাদেশে প্রতিবাদী গণমিছিল করার ঘোষণা দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার (২৮ এপ্রিল) তারা এ কর্মসূচি পালন করবেন।
রোববার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে সই করেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে প্রতিবাদী গণমিছিল করা হবে।
এদিন তারা সব জেলার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস, বাংলাদেশের (আইডিইবি) অফিসে অভিযোগপত্র জমা দেবেন। বিজ্ঞপ্তিতে এ নিয়ে নির্দেশনা দিয়ে উল্লেখ করা হয়, ২০২১ সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ জেলা আইডিইবির কাছে অভিযোগপত্র দেবে।
ছয় দফা দাবিতে কয়েক মাস ধরে ধারাবাহিক কর্মসূচি করছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। স্মারকলিপি, মানববন্ধন ও ক্লাস-পরীক্ষা বর্জনের পর গত ১৬ এপ্রিল সকাল ১০টার দিক থেকে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে ওই দিন সারা দেশে জেলায় জেলায় সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা।
দিনভর বিক্ষোভ-অবস্থানের পর সেদিন সন্ধ্যায় শিক্ষার্থীরা ঘোষণা দেন যে, ১৭ এপ্রিল সকাল থেকে তারা সারাদেশে রেলপথ ব্লকেড কর্মসূচি করবেন। তবে রাতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানোয় তারা কর্মসূচি সাময়িক শিথিল করেন। এরপর সচিবালয়ে বৈঠকে যান। তবে বৈঠকে ডেকে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এরপর গত ২২ এপ্রিল দ্বিতীয় দফায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। সেদিন রাতে আন্দোলন সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণাও দেন তারা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

