টটেনহ্যাম হটস্পারকে গোল বন্যায় ভাসিয়ে চার ম্যাচ হাতে রেখে এ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা জিতলো লিভারপুল।
রোববার (২৭ এপ্রিল) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে অলরেডরা।
দমিনিক সোলাঙ্কির গোলে পিছিয়ে পড়ে যেন তেতে ওঠে লিভারপুল। শুরু করে একের পর এক গোল; একে একে টটেনহ্যামের জালে বল পাঠান লুইস দিয়াস, আলেক্সিস মাক আলিস্তের, কোডি হাকপো ও মোহামেদ সালাহ।

ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে কয়েক দশক ধরে লিভারপুল আধিপত্য করলেও, প্রিমিয়ার লিগ নামকরণের পর থেকে এর শিরোপা খরা শুরু হয় দলটির। ৩০ বছরের অপেক্ষা ঘুচিয়ে অবশেষে ২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ সংস্করণে চ্যাম্পিয়ন হয় তারা।
পরের চার মৌসুমে টানা জিতে প্রথম দল হিসেবে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ে ম্যানচেস্টার সিটি। এবার তাদের আধিপত্যের ইতি টানল আর্না স্লটের দল। ইংলিশ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় এই নিয়ে মোট ২০ বার চ্যাম্পিয়ন হলো লিভারপুল। স্পর্শ করল আগে থেকে রেকর্ড চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে।
চার ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া লিভারপুলের ২৫ জয় ও ৭ ড্রয়ে পয়েন্ট ৮২। সমান ৩৪ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।


