দীর্ঘ চার মাস লন্ডনে চিকিৎসা শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে ফিরছেন দুই পুত্রবধূ—তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে রোববার (৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করবেন তিনি। পরদিন সোমবার সকাল ৯টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সেখান থেকে ঢাকায় ফিরবেন বেগম জিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপ শাখার সমন্বয়ক কামাল উদ্দিন। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও তার সঙ্গে দেশে ফিরছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গণমাধ্যমকে জানিয়েছেন, “ইনশাল্লাহ ম্যাডাম ৫ তারিখ দেশে ফিরছেন।”
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেখানেই দীর্ঘ সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে ১৭ দিন ছিলেন লন্ডন ক্লিনিকে। এরপর থেকে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
বিএনপি মহাসচিব জানিয়েছেন, “ম্যাডাম আগের তুলনায় অনেকটাই সুস্থ। তবে ফেরার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি চাওয়া হয়েছিল, তা সময়মতো না পাওয়ায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটেই আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।”
এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’কে খালেদা জিয়ার আগমনের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বাসাটি ইতিমধ্যেই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে অবহিত করেছে বিএনপি। জানা গেছে, বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছিল।
উল্লেখ্য, ২০১৮ সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন খালেদা জিয়া। কোভিড মহামারির সময় তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান তিনি। এখন সুস্থ হয়ে তিনি দেশে ফিরছেন।
পড়ুন: দোহা থেকে ঢাকাগামী ফ্লাইটের জরুরি অবতরণ ভারতে
দেখুন: ‘কৌশলে সব চেকপয়েন্ট পেরিয়ে ফ্লাইটে উঠে পড়ে শিশুটি’
ইম/


