চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর বাজার এলাকায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে খাবার সামগ্রী উৎপাদন ও বিপণন প্রক্রিয়া তদারকি করা হয়। অভিযানে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান অপরিচ্ছন্ন পরিবেশে আইসক্রিম ও বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ করছে।
এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ধারা ৪৩ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এরমধ্যে অত্র এলাকার মেসার্স মুসা আইসক্রিমকে (মালিক: মো. সুমন আহমেদ) ২০ হাজার, মেসার্স শাপলা সুপার আইসক্রিমকে (মালিক: মো. মিরাজ আলী) ২০ হাজার, মেসার্স মুবিন সুপার আইসক্রিমকে (মালিক: মো. তোফায়েল আহমেদ) ২০ হাজার এবং মেসার্স আরজু ফুডকে (মালিক: মো. আলীম) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে একটি ফ্রিজ ভর্তি অপরিচ্ছন্ন আইসক্রিম ধ্বংস করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর মালিকদের দ্রুততম সময়ে পরিবেশগত সমস্যা সমাধানের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন আলমডাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নিজাম উদ্দিন এবং ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম।
অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এনএ/


