নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পরিত্যক্ত একটি স্কুল ভবনের কক্ষ থেকে মো: ঈদু মিয়া (২২) নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার আদর্শনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। অটোরিকশা চালক মো. ইদু মিয়া (২২) উপজেলার হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজব আলীর ছেলে। নিহত অটোরিকশা চালক নানার বাড়ি আদর্শনগর গুচ্ছগ্রাম এলাকায় বসবাস করছিলেন।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, গত সোমবার রাতে ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতের ইদু মিয়ার মোবাইল ফোনে একটি কল আসে। পরে ইদু মিয়া ঘর থেকে বের হয়ে যান এবং ঘরে আর ফিরে আসেননি।
সকালে তার ছোট ভাই ঘুম থেকে উঠে ইদু মিয়াকে ঘরে দেখতে পাননি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয়রা শিবির এলাকার পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে ঈদু মিয়ার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
এনএ/


