ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে ‘যাত্রা বিরতি’ নাটক, যেখানে অভিনয় করেছেন প্রায় ৫০০ জন শিল্পী। নাটকটির দৃশ্যধারণ হয়েছে বরিশালের বিলাসবহুল লঞ্চ ও প্রত্যন্ত অঞ্চলে। এটি প্রযোজনা করেছেন আকবর হায়দার মুন্না, রচনা করেছেন সুবাতা রাহিক জারিফা, এবং পরিচালনা করেছেন আদিফ হাসান।
নাটকের গল্পে দেখা যায়, ঈদের আগের রাতে ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে শেষ লঞ্চটি ছেড়ে যায়। লঞ্চের সুপারভাইজার দেলোয়ার নিজেকে খুব জ্ঞানী মনে করলেও, সে মূলত সহজ-সরল একজন মানুষ। যাত্রীদের মধ্যে রয়েছেন আইরিন ও তার ছোট বোন, যারা লঞ্চের অব্যবস্থাপনা দেখে সুপারভাইজারের সঙ্গে মনোমালিন্যে জড়িয়ে পড়েন।
লঞ্চে আরও নানা ধরনের যাত্রী রয়েছেন— কেউ ১৪ বছর পর প্রবাস থেকে ফিরছেন, কেউ কোরবানির জন্য খাসি নিয়ে যাচ্ছেন, কেউ ভাইয়ের বিয়ের জন্য জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, কেউ নতুন বউ হয়ে প্রথমবারের মতো বাড়ি যাচ্ছেন। প্রত্যেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে রওনা হয়েছেন।
অভিনেতা রাশেদ সীমান্ত জানান, নাটকটির গল্প ঈদযাত্রার বাস্তবতা তুলে ধরেছে। লাখো মানুষ ঈদের সময় বাড়ি ফেরে, কিন্তু সেই যাত্রা সবসময় আনন্দদায়ক হয় না। তিনি বলেন, নাটকটি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে, তবে দর্শকরা উপভোগ করলে সেই কষ্ট সার্থক হবে।
নাটকটি ৫ জুন বিকেল ৫টায় ক্লাব এলিভেন ইন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
এনএ/


