সিরিজ আগেই হাতছাড়া হয়ে গেছে। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বাংলাদেশের জন্য কেবল মানরক্ষার। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে অবশ্য ৬ উইকেটে ১৯৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করিয়েছে টাইগাররা। অর্থাৎ জিততে হলে পাকিস্তানকে করতে হবে ১৯৭।
লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। ব্যক্তিগত ৬ রানে যদিও ক্যাচ তুলে জীবন পান তানজিদ তামিম। হাসান আলির বলে বাউন্ডারিতে কঠিন ক্যাচটি ধরতে পারেননি ফাহিম আশরাফ।
অন্যদিকে পারভেজ হোসেন ইমন চালিয়ে খেলতে থাকেন। তার মারকুটে ব্যাটিংয়ে ৫.৩ ওভারেই পঞ্চাশ পার করে বাংলাদেশ। তানজিদ তামিমের সঙ্গে পাওয়ার প্লেতে ৬ ওভারে ৫৩ রান তুলে দেন ইমন।
শেষ পর্যন্ত ৭০ বলে ১১০ রানের ওপেনিং জুটিটা ভাঙে তামিমের আউটে। ৩২ বলে ৩টি করে চার-ছক্কায় ৪২ করে ফাহিম আশরাফের শিকার হন এই ওপেনার। পরের ওভারেই শাদাব খানকে উইকেট দেন ইমন। ৩৪ বলে ইমনের ৬৬ রানের ইনিংসে ছিল ৭ চার আর ৪ ছক্কার মার।
ক্রিজে এসেই হাত খুলে খেলা শুরু করেন তাওহিদ হৃদয়। তবে লিটন দাস আরও একবার ব্যর্থ। ১৮ বলে ২২ রানের ওয়ানডে ঘরানার ইনিংস খেলে হাসান আলির বলে বোল্ড হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।
আব্বাস আফ্রিদির করা ১৮তম ওভারে তিন বলের ব্যবধানে সাজঘরের পথ ধরেন শামীম পাটোয়ারী আর হৃদয়। শামীম ৪ বলে ৮ আর হৃদয় করেন ১৮ বলে ২৫। মেহেদী হাসান মিরাজ আউট হন ৩ বলে ১ করে।
শেষদিকে জাকের আলী ৯ বলে ১৫ আর তানজিম সাকিব ৩ বলে ৮ রানে অপরাজিত থাকেন।
খালেদের অভিষেক, টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
আগের ম্যাচে চোটে পড়ে পেসার শরিফুল ইসলাম সিরিজ থেকেই ছিটকে গেছেন। তার পরিবর্তে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে অভিষেক হল আরেক পেসার খালেদ আহমেদের। বাংলাদেশ দলে এই একটিই পরিবর্তন। এই ম্যাচেও তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানও একাদশে একটি পরিবর্তন এনেছে। হ্যারিস রউফের পরিবর্তে খেলছেন আব্বাস আফ্রিদি।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
হোয়াইটওয়াশ এড়ানোর আশায় ব্যাটিংয়ে বাংলাদেশ
ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে আজ পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। বাচা-মরার এই ম্যাচে টস ভাগ্যে হেরেছে সফরকারীরা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। ফলে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।
পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে হারলেই তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। আরব আমিরাতের মতো দলের কাছেও হারের পর পাকিস্তানের কাছে ধবলধোলাই হলে তা হবে লিটন দাসদের জন্য আরেকটি বড় ধাক্কা।
এদিকে সিরিজের শেষ ম্যাচটি জিতলে প্রায় সাড়ে তিন বছরের অপেক্ষা ফুরোবে পাকিস্তানের। ২০২১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে সবশেষ হোয়াইটওয়াশ করেছিল তারা। এরপর ১১ সিরিজ খেলে একটিতেও সব ম্যাচ জিততে পারেনি পাকিস্তান।
পড়ুন: ঘূর্ণিঝড় শক্তি: মতলব দক্ষিণে কাঁচা রাস্তার ব্যাপক ক্ষয়ক্ষতি
দেখুন: বিয়েবার্ষিকীতে স্ত্রীকে ১২ লাখ ফুল উপহার
ইম/


