নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছোট ফেনী, মেঘনা ও বামনী নদীর ত্রি-মোহনায় নদী ভাঙ্গন রোধে দ্রুত ক্রসডেম নির্মাণ, বামনী খালে নির্মিত সুইচগেট খুলে দেওয়া এবং নদী ভাঙ্গন স্থায়ীভাবে বন্ধ করতে নদীর তীরে ব্লক স্থাপনের এই ৩ দফা দাবিতে পদযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১১ জুন) দুপুরের দিকে উপজেলার চরএলাহী বাজার সংলগ্ন নদী ভাঙ্গন কবলিত এলাকায় এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পদযাত্রা সফল করতে সকাল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা চরএলাহী বাজারে সমবেত হতে থাকেন। বেলা ১২টার দিকে তারা চরএলাহী বাজার থেকে নদী ভাঙ্গন এলাকার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। দলীয় নেতাকর্মীরা প্রায় এক কিলোমিটার সড়কে পায়ে হেঁটে চরএলাহী ঘাট সংলগ্ন ছোট ফেনী, মেঘনা ও বামনী নদীর ত্রি-মোহনায় গিয়ে পদযাত্রা শেষ করেন।

সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে দলটির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন। পরে জামায়াত নেতাকর্মীরা পুনরায় পদযাত্রা নিয়ে চরএলাহী ঘাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চর এলাহী, চরহাজারী ও মুছাপুর এলাকার বাসিন্দারা ছোট ফেনী, মেঘনা ও বামনী নদীর ভাঙ্গনের কবলে পড়ে সর্বশান্ত হয়েছে।
এরই মধ্যে বামনী নদীর ভাঙ্গনে চরএলাহী ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার গৃহহীন হয়েছে। ২৫ হাজার একরের বেশি ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙ্গনের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে এরই মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কিন্তু অদ্যবধি সরকারের পক্ষ থেকে নদী ভাঙ্গন রোধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
নদী ভাঙ্গন রোধে অবিলম্বে ক্রসডেম নির্মাণ, বামনী খালে নির্মিত সুইচগেট খুলে দেওয়া এবং নদী ভাঙ্গন স্থায়ীভাবে বন্ধ করতে নদীর তীরে ব্লক স্থাপনের এই ৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান জামায়াতের এই নেতা।
কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমির আইয়ুব আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান প্রমূখ।
এসময় কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহিউদ্দিন, জামায়াত নেতা জিয়াউল হক জিয়া, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনসারী প্রমূখ উপস্থিত ছিলেন।
পড়ুন : নোয়াখালীতে প্রবাসীকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ


