ফেনীর ফুলগাজী উপজেলায় টানা বর্ষণ ও ভারতীয় উজানের ঢলে মুহুরী ও সিলোনিয়া নদীর দুইটি স্থানে বাঁধ ভেঙে পড়েছে। এর ফলে সদর ইউনিয়নের উত্তর বরইয়া, দক্ষিণ বরইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগতপুর গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১০টার পর মুহুরী নদীর বণিকপাড়া ও সিলোনিয়া নদীর গোসাইপুর অংশের বাঁধ ভেঙে যাওয়ায় মুহূর্তেই পানি গ্রামে ঢুকে পড়ে। এতে ফসলি জমি, বাড়িঘর ও রাস্তাঘাট ডুবে যায়। মুহুরী নদীর পানি ফুলগাজী বাজারেও ঢুকে বাজারের একটি অংশ পানিতে তলিয়ে যায়।
এছাড়া পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মনিপুর এলাকাতেও সিলোনিয়া নদীর পানি দুপুর থেকে বাঁধ উপচে লোকালয়ে প্রবেশ করে।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, গত বছরের বন্যার ক্ষতি কাটিয়ে ওঠার আগেই একইস্থানে ফের বাঁধ ভেঙেছে। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা মেরামতের কারণেই প্রতিবছর এমন দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন জানান, মুহুরী নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। পানি কমে গেলে দ্রুত মেরামত শুরু করা হবে। পাশাপাশি ছোট ছোট ভাঙন সংস্কার কাজও চলছে।
পড়ুন : ফেনীর দাগনভূঞায় মোবাইল কোর্ট অভিযান, ৯ মামলা, ১১ হাজার টাকা জরিমানা ও ১ জনের কারাদণ্ড


