দিনাজপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-এর মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি জানান, শিগগিরই গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানোন্নয়নের জন্য একটি প্রকল্প চালু করা হবে, যার মাধ্যমে তরুণ সদস্যরা উদ্যোক্তা হয়ে আত্মউন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন।
আজ বুধবার (২৫ জুন) এই সমাপনী অনুষ্ঠানটি দিনাজপুর আনসার ক্লাবে আয়োজন করে আনসার ও ভিডিপি দিনাজপুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন এবং জেলা কমান্ড্যান্ট নুরুজ্জামান। বীরগঞ্জ ও বিরামপুর এলাকার আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মোট ১২৮ জন নারী ও পুরুষ অংশগ্রহণকারীকে ১০ দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি। এরপর মহাপরিচালক দিনাজপুরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের চলমান কার্যক্রম ঘুরে দেখেন ও মূল্যায়ন করেন।
এনএ/


