দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জমি সংক্রান্ত ন্যায় বিচার দাবিতে স্থানীয় জনসাধারণ মানববন্ধন করেছেন। তারা দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসার ও উপ-সচিব সালাউদ্দিন আহমেদের হঠাৎ বদলির আদেশ বাতিলের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, গত সাত মাস ধরে দায়িত্ব পালনকালীন তিনি প্রতিদিন ৫০-৭০টি জমি সংক্রান্ত বিষয় নিষ্পত্তি করে মানুষের ন্যায় বিচার নিশ্চিত করেছেন। এর ফলে দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় প্রায় তিন হাজার মানুষ তাদের জমির সমস্যার সমাধান পেয়েছেন।
হঠাৎ করে তার বদলি হওয়ায় সাধারণ জনগণ দুশ্চিন্তায় পড়েছেন, কারণ পূর্ববর্তী কর্মকর্তারা এতো দ্রুততার সঙ্গে বিচার করতে পারেননি।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে গেলে, তিনি অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানে আলমের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি জানান, জেলা প্রশাসক ফিরে এলে বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হবে।
এনএ/


