পাবনা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সকালে পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি যানবাহনের মধ্যে প্রচণ্ড ধাক্কা লাগে, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
নিহতরা হলেন—পাবনার শান্তিপুর সোহানগরের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮), আতাইকুলার কারিগর পাড়ার মৃত ইরাদ আলীর ছেলে মনছুর আলী ৪০। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, নারায়নগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে সোনা মসজিদ থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হন অন্তত ১০ জন। বাসের ড্রাইভার ঘুমন্ত অবস্থায় ছিল। এরপর হাইওয়ে থানা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


