কুষ্টিয়ার সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের নুরপুর গ্রামে এক বৃদ্ধার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হয়ে যায় বৃদ্ধার ঘর। অগ্নিকাণ্ডের সময় ঘরের ভেতরেই ছিলেন ৬৫ বছর বয়সী সুফিয়া বেগম। তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত ও চলাফেরায় অক্ষম।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে সুফিয়া বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তারা দেখতে পান, তার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। দ্রুত পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা শুরু হলেও আগুন আরও ভয়াবহ রূপ নেয়। পরে এলাকাবাসী ৯৯৯-এ ফোন করে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তা চান। তবে স্থানীয়দের প্রচেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস মানাখালী ব্রিজ পর্যন্ত এসে পৌঁছালেও দুর্গম রাস্তার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

প্রত্যক্ষদর্শী আফরোজা বলেন, চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি আগুনে পুরো ঘর পুড়ছে। আমি সাথে সাথে পানি দেওয়ার চেষ্টা করি। কিন্তু আগুন ততই বাড়ছিল। মনে হচ্ছিল দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন লাগানো হয়েছে।
অগ্নিকাণ্ডের সময় ঘরে কেউ না থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বৃদ্ধা সুফিয়া বেগম অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তিনি শারীরিকভাবে দুর্বল এবং স্পষ্টভাবে কথাও বলতে পারেন না। ঘরে বিদ্যুৎ সংযোগ ছিল না, রান্নাবান্নার কোনও কাজও চলছিল না। ফলে আগুন লাগার কারণ নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
বৃদ্ধার মেয়ে শাপলা খাতুন বলেন,ঘটনার সময় ঘর অন্ধকার ছিল। টর্চ লাইটে কাজ সেরে মা ঘুমিয়ে ছিলেন। এমন অবস্থায় আগুন লাগার কারণ আমাদের বোধগম্য নয়। মা কিভাবে ঘর থেকে বেড়িয়ে আসলেন। আল্লাহই জানেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দুই মাস আগে প্রতিবেশী সালাম মোল্লা ও তার পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মারামারির ঘটনা ঘটে। সেসময় সুফিয়া বেগমের ছেলের স্ত্রী শ্যামলীকে কোদাল দিয়ে কপালে আঘাত করলে তার ১৫-১৭টি সেলাই পড়ে। সেই মামলায় সালাম মোল্লা কিছুদিন জেল খেটে কয়েক দিন আগে জামিনে বাড়িতে ফেরেন। পরিবারের ধারণা,পূর্ব বিরোধের জের ধরেই এই অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইমুম হাসান বলেন,৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তিনি কিছুই বলতে পারেননি। আশেপাশের লোকজনও নির্দিষ্ট করে কাউকে সন্দেহ করেননি। তারা কোনো লিখিত অভিযোগ দেয়নি, তাই আমরা চলে আসি।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
পড়ুন : কুষ্টিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট


