গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক জব্দ করেছে সেনাবাহিনী। এসময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাতে উপজেলা শহরের হীরকপাড়া এলাকায় এ অভিযান করে সেনাবাহিনী। গ্রেপ্তারকৃত চারজন হলো আজাদ মন্ডল (৩৫) মোশাররফ হোসেন (৩৩), আশাদুল ইসলাম (৪২) মেহেদী হাসান (২৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে উপজেলার শীর্ষ সন্ত্রাসী আজাদ মিয়ার বাড়িতে অভিযান করে। এসময় আজাদকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তীতে তার বাড়ির পিছনে মাটির নিচে চাপা দিয়ে রাখা দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এছাড়া ইয়াবা ট্যাবলেট, একাধিক মোবাইল ফোন, একটি ল্যাপটপ জব্দ করা হয়। পরে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
এদিকে, শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি প্রকাশ করেছেন। একাধিক ব্যক্তি জানান, আজাদ মন্ডল ও তার লোকজন বিগত আ.লীগের সরকারের ছত্রছায়ায় ছিলেন। উপজেলাসহ বিভিন্ন এলাকার অপরাধীদের গডফাদার ছিল তারা। তাদের ভয়ে এলাকার কেউ মুখ খুলত না।
পড়ুন: গাইবান্ধায় ভাতিজার ছুরির আঘাতে চাচা খুন
এস/


