নরসিংদীর পলাশে ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানায় চাঁদা দাবির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি রবিবার (৬ জুলাই) দুপুরে নিশ্চিত করেন পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলম।
জানা যায়, চাঁদা না পেয়ে গত বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ডাঙ্গা ইউনিয়নের নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার ড্রেজারে হামলা চালায় মনিরুজ্জামান মনির। নদীপথে দুইটি ট্রলারে করে একদল সশস্ত্র সন্ত্রাসী কারখানার পাশের ড্রেজারে হামলা চালায়। সেখানে শ্রমিকদের ছয়টি কক্ষে ঢুকে হামলাকারীরা বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে মোবাইল, ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে ড্রেজারের সাতজন শ্রমিককে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। লুটপাটের পর হামলাকারীরা পুনরায় ট্রলারে করে চলে যায়। পরে খবর পেয়ে পলাশ থানা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।
নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট কারখানার সহকারী ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মাহবুর রহমান সাংবাদিকদের জানান, ২০২২ সাল থেকে কারখানাটির নির্মাণ কাজ শুরু হয়েছে। সেখান থেকে ঘণ্টায় ২৫০ মেট্রিক টন সিমেন্ট উৎপাদন হবে। তিনি বলেন, কারখানাটিতে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু সন্ত্রাসী চাঁদা দাবি করে আসছিল। তাদের চাঁদা না দেওয়ায় দুপুরে তারা হামলা চালায়। এ ঘটনায় পলাশ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলম জানান, ডাঙ্গা ইউনিয়নের নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানার চাঁদাবাজির দাবির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ৫ জুলাই মামলাটি থানায় নথিভুক্ত হয়। এ মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে আরও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত মনিরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

