কুমিল্লার বুড়িচং উপজেলায় এসএসসি পরীক্ষায় ফেল করায় সাদিয়া প্রভা (১৬) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে।
পরিবার জানায়, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এসএসসি পরীক্ষায় প্রভা দুটি বিষয়ে অকৃতকার্য হয়। ফলাফল জানার পর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবারের সদস্যদের অজান্তে নিজ কক্ষে ঢুকে আত্মহত্যা করে সে।
নিহত প্রভা উপজেলার ষোলনল ইউনিয়নের ইছাপুরা গ্রামের কাতারপ্রবাসী মোস্তফা কামালের মেয়ে।
প্রভার দাদা জাহাঙ্গীর আলম বলেন, ‘ফলাফল জানার পর থেকে সে খুবই মন খারাপ করে ছিল। হঠাৎ করেই এমন মর্মান্তিক ঘটনা ঘটলো।’
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির হোসেন বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নামিয়েছে।
পড়ুন: গাজীপুরে দুষ্কৃতিকারীদের ছুরিকাঘাতে শ্রমিক নিহত
দেখুন: এস. আই. টুটুলের সাথে আনন্দ বৈঠক
ইম/


