চট্টগ্রামের পটিয়া-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় বাসচাপায় সানজিদ রেজা (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উত্তর হরিনখাইন এলাকার মো. সেলিম রেজার ছেলে।নিহত সানজিদ চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে। শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,কক্সবাজার থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা শিক্ষার্থী বাসের চাকার নিচে পড়ে।
এসময় তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রেফার্ড করেন। এ অবস্থায় চমেক হাসপাতালে আইসিইউতে সিট না থাকায় তাকে দ্রুত নগরীর বেসরকারি পার্ক ভিউ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১২টার দিকে মৃত্যুবরণ করে।পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে পটিয়া বাইপাস মহাসড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সানজিদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে।তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পড়ুন: চট্টগ্রামের অরক্ষিত নালাগুলো যেন মরণফাঁদ!
এস/


