হাসিনাকে কোনদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক। হাসিনা মায়েদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা। যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা। এটা না হলে ভবিষ্যত জাতি আমাদের ক্ষমা করবে না।—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২০ জুলাই) রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ কার্যক্রম কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার।
গতকালকের (শনিবার) একটি অনুষ্ঠানে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি- আমার পরিবার স্বপ্ন দেখেছে ভবিষ্যতের। সে ছেলেটাকে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে খুবই মর্মান্তিক ও নিদারুণভাবে। তাকে গুলি করে মেরেছে, তারপর একটি ভ্যানের মধ্য উঠিয়েছে। বেঁচে আছে নাকি মরে গেছে, সেটা না দেখে আরও কয়েকটি মরদেহ উঠিয়েছে, পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে’—চিন্তা করেন একটা স্বাধীন দেশের নাগরিক আমরা। ১৯৭১ সালের যুদ্ধ করেছি, একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ, প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে, যাদের বেতন আমার-আপনার ট্যাক্সের টাকায় হয়। তারা আজকে আমার ছেলেকে, আমার সন্তানকে পুড়িয়ে মারছে ও হত্যা করছে। কী নির্মম, কী পাশবিক।
মির্জা ফখরুল বলেন, স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্র-জনতা ঘোষণা দিয়েই জীবন উৎসর্গ করেছিলেন। সেজন্য বিএনপির লক্ষ্য হচ্ছে সত্যিকার অর্থে একটি উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। তারা নতুন বাংলাদেশ চায়, যেখানে দুর্নীতি, ঘুষ, খুন, হত্যা ও নির্যাতন থাকবে না। মানুষ স্বাধীনভাবে বাঁচবে।
নির্বাচন নিয়ে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় নির্বাচন দেবেন। এছাড়াও গণতন্ত্রে ভিন্নমত থাকলে সবাইকে নিয়েই ‘রেইনবো নেশন’ গঠন করতে চায় বিএনপি।
জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারদের জন্য ফান্ড তৈরি করবে বিএনপি উল্লেখ করে ফখরুল বলেন, গতকালও বলেছি, আজকেও বলেছি, নির্বাচন হবেই। নির্বাচনে কে দায়িত্ব পাবে বা না পাবে, সেটা পরের কথা। আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব, দলের পক্ষ থেকে একটা ফান্ড করব। যাতে আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসন করা যায়। ইতোমধ্য আমাদের ‘আমরা বিএনপি পরিবার’ থেকে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে তারা দাঁড়িয়েছে।
পড়ুন : গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ হারালে বাংলাদেশ পিছিয়ে যাবে : মির্জা ফখরুল


