এনসিপি নেতা গাজী নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপির নেতাদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টায় শহরের বনরূপা পেট্রোলপাম্পে অনুষ্ঠিত এক সমাবেশ থেকে বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিলে বা সমালোচনা করলে এনসিপি নেতারা সুস্থভাবে রাঙামাটি থেকে ফেরত যেতে পারবে না বলে হুঁশিয়ারি দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
এসময় সমাবেশে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন এনসিপি নেতা গাজী নাসিরুদ্দীন পাটোয়ারীকে রাঙামাটিতে না আসার আহবান জানিয়ে বলেন, বিএনপি নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্ত্যবের জন্য তাকে ক্ষমতা চাইতে হবে।
শনিবার কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ‘ইঙ্গিত’ করে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক গাজী নাসিরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে রাতে জেলা শহরের বনরূপা ও তবলছড়িতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কাঠালতলীস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে জেলা ছাত্রদল। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে বনরূপা পেট্রোল পাম্পের সামনে গিয়ে সমাবেশ করে। এতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলু, ছাত্রদল নেতা অলি আহাদ প্রমুখ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এনসিপি মূলত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। জুলাই আন্দোলনে বিএনপির নেতাকর্মী বেশি শহিদ হয়েছেন। এনসিপি জুলাইকে নিয়ে ব্যবসা শুরু করছে, যা কোনোভাবেই করতে দেয়া হবে না।
কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার (২০ জুলাই) রাঙামাটিতে এনসিপির ‘জুলাই পদযাত্রা’র সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটি বনরূপা সিএনজিঅটোরিকশা স্ট্যান্ডে সমাবেশস্থল তৈরি করছে। এর পাশেই আগেরদিন (শনিবার) রাতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশের সময় পুলিশ এনসিপির সমাবেশস্থল ঘিরে রেখেছে। এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরসহ পুলিশ কর্মকর্তাদের সেখানে উপস্থিত দেখা গেছে।
এদিকে, এনসিপির সমাবেশকে কেন্দ্র করে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের টহল দিচ্ছে পুলিশ-সেনাবাহিনী। রাস্তায় দেখা গেছে একটি সাঁজোয়া যানও।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রাঙামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা বলেন, ‘আমরা (রোববার) বেলা সাড়ে ১১টার দিকে শিল্পকলা একাডেমি এলাকা থেকে জুলাই পদযাত্রা শুরু করব। এরপর পদযাত্রা সহকারে বনরূপায় এসে সমাবেশ করব।’
পড়ুন: পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল
এস/


