মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা বোর্ড ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে সরাসরি কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেয়। বিক্ষোভে বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’—ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। পরে তারা বোর্ড ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে যে দাবিগুলো উত্থাপন করা হয়, সেগুলোর মধ্যে রয়েছে—শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ, দুর্ঘটনায় নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় প্রকাশ, আহতদের তালিকা প্রকাশ, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করা।
এ সময় শিক্ষার্থীরা জানায়, বিমান দুর্ঘটনায় প্রকৃত কতজন শিক্ষার্থী নিহত ও আহত হয়েছেন, তা আজকের মধ্যেই প্রকাশ করতে হবে। রাত ৩টায় হঠাৎ করে নোটিশ জারি করে শিক্ষা মন্ত্রণালয় দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে।”
প্রায় দেড় ঘণ্টা অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের পর দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা বোর্ড ভবনের তালা খুলে দেন। তালাবদ্ধ অবস্থায় অনেক অভিভাবক ও শিক্ষার্থী বাইরে অপেক্ষা করতে দেখা যায়।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম বলেন, “শিক্ষার্থীরা মৌখিকভাবে আমাদের কাছে তাদের দাবি জানিয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি যে, দাবিগুলো যথাযথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে।
পড়ুন: বিমান বিধ্বস্ত : মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রাঙামাটির সন্তান উক্যচিং মারমা
দেখুন: হলি ফ্যামিলির শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী হয়রানির অভিযোগ
ইম/


