রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত অভিভাবক রজনী খাতুনের (৩৭) কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিনিধি দল।
শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজ শেষে বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে রজনীর বাড়িতে যায়। যশোর বিমান ঘাঁটির উইং কমান্ডার কামরুল হাসান বারীর নেতৃত্বে প্রতিনিধি দলটি রজনীর কবর জিয়ারত করেন এবং পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিনিধি দলটি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানিয়ে সমবেদনা প্রকাশ করে।
প্রসঙ্গত,নিহত রজনী খাতুন সাদিপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী। তিনি রাজধানীর উত্তরায় পরিবারসহ বসবাস করতেন। দুই ছেলে ও এক মেয়ের জননী রজনী, দুর্ঘটনার দিন স্কুল শেষে মেয়ে ঝুমঝুমকে আনতে গিয়ে বিমানের ধ্বংসাবশেষে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।মেয়ে ঝুমঝুম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পড়ুন: কুষ্টিয়ায় চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য জানাতে জেলা বিএনপির অভিযোগ বক্স
এস/


