কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুতায়িত হয়ে ছেলে ও মায়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার (০২ আগস্ট) বিকেলে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাবিল সর্দারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও ছেলে বিপ্লব সর্দার (২৮)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজ জমিতে চাষাবাদের কাজ শেষ করে পাওয়ার টিলার নিয়ে বাড়ি ফিরছিল বিপ্লব সর্দার। এ সময় স্থানীয় একটি মুরগির খামারের বৈদ্যুতিক তার পাওয়ার টিলারের ওপর ছিঁড়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। এই সংবাদ শোনার পর বাড়ি থেকে দৌঁড়ে ছেলেকে বাঁচাতে যায় মা জোছনা খাতুন। ছেলে স্পর্শ করতেই মাও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা মা-ছেলেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এদিকে ছেলে ও মায়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার নাগরিক টেলিভিশনকে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন : ঢাকা থেকে গ্রেপ্তার কুষ্টিয়ার দুই আ.লীগ নেতা ও এক যুবলীগ নেতা কারাগারে


