পুলিশের লুট হওয়া অস্ত্রসহ অবৈধ সকল অস্ত্র উদ্ধারে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে সরকার এবং এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান সাফল্য দেখা যাবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) গভীর রাতে রাজধানীর মিন্টো রোডে অবস্থান নিয়ে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের সময় ১৬ বছরে যাদেরকে রাজনৈতিকভাবে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল তাদের অনেকেই অস্ত্র জমা দেননি। তবে লাইসেন্সকৃত অধিকাংশ অস্ত্রই পুলিশ জব্দ করেছে। কিন্তু লুট হওয়া অনেক অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, যেগুলো জনগণের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা হচ্ছে।’
উপদেষ্টা বলেন, ‘পরাজিত ফ্যাসিবাদী শক্তি আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই বিষয়টি গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকার জানতে পেরেছে।’
তিনি বলেন, ‘অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর যে অভিযান হয়েছিল, সেটা ইফেক্টিভাবে যাতে আবার পরিচালনা করা যায় এবং জনগণের জন্য হুমকিস্বরূপ যে অস্ত্রগুলো এখনও বাইরে আছে সেগুলো উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্রুত নির্দেশনা দিবো। আপনারা এর দৃশ্যমান সাফল্য দেখতে পাবেন।’
এনএ/


