আন্তর্জাতিক বাজার থেকে মোট এক লাখ টন চাল কেনার সিদ্ধান্ত অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। এই চাল আমদানিতে মোট ব্যয় হবে ৪৪৬ কোটি ২৩ লাখ ৮ হাজার ৫৭০ টাকা।
বুধবার (২২ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সরকারের কেনা এক লাখ টন চালের মধ্যে মিয়ানমার থেকে আসবে ৫০ হাজার টন আতপ চাল এবং দুবাই থেকে আসবে ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে:
১. ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে দুবাইয়ের মেসার্স ক্রিডেন্টওয়ান এফজেডসিও থেকে কেনা হবে। প্রতি টন ৩৫৫ দশমিক ৯৯ ডলার হিসাবে এতে ব্যয় হবে ২১৬ কোটি ৯০ লাখ ৪৭ হাজার ৭০ টাকা।
২. মিয়ানমার থেকে ‘জি টু জি’ ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল আমদানি করা হবে। প্রতি টন ৩৭৬ দশমিক ৫০ ডলার হিসাবে এতে মোট ব্যয় হবে ২২৯ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৫০০ টাকা।
এছাড়াও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্যান্য কৃষি উপকরণ কেনারও অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, ৩৫ হাজার টন এমওপি সার (প্রতি টন ৩৫৬.২৫ ডলার), ৪০ হাজার টন ডিএপি সার (প্রতি টন ৭৭৫.৩৩ ডলার) এবং ৩০ হাজার টন ইউরিয়া সার (প্রতি টন ৪১৩.৩৩ ডলার)।
পড়ুন : তিন দেশ থেকে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার


