গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্কে রুশ সেনারা বড় ধরনের আক্রমণ চালিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের জেনারেল ওলেক্সান্দর সিরস্কি। তিনি জানান, ইউক্রেনীয় সেনারা সেখানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। হাজার হাজার রুশ সেনা শহরটিতে অবস্থান নেওয়ায় ইউক্রেনীয় বাহিনী কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে।
পোকরোভস্ক বর্তমানে একটি ‘গ্রে জোন’ বা অস্থিতিশীল এলাকায় পরিণত হয়েছে। শহরটি একটি গুরুত্বপূর্ণ পরিবহন ও সরবরাহ কেন্দ্র হিসেবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া শহরটি দখল করতে পারলে পুরো অঞ্চলের নিয়ন্ত্রণের প্রচেষ্টায় উল্লেখযোগ্য সুবিধা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করছে এবং হেলিকপ্টার থেকে নেমে আসার সময় তাদের ১১ বিশেষ বাহিনীর সদস্য নিহত হয়েছেন। তবে কিয়েভ এ দাবি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।
শনিবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জেনারেল সিরস্কি জানান, পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলে অবস্থানরত সামরিক কমান্ডারদের কাছ থেকে সরাসরি সর্বশেষ পরিস্থিতি জানতে তিনি আবারও ফ্রন্টলাইনে ফিরে গেছেন।
তিনি আরও জানান, রুশ বাহিনী গুরুত্বপূর্ণ সরবরাহ লাইনগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। এসব লাইন রক্ষায় ইউক্রেনীয় বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে।
স্বল্পদৈর্ঘ্যের একটি ভিডিওতে দেখা যায়, জেনারেল সিরস্কি ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভসহ অন্যান্য কমান্ডারদের সঙ্গে যুদ্ধক্ষেত্রের মানচিত্র পর্যালোচনা করছেন। তবে ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য জানায়নি বিবিসি।
পড়ুন: টানা বর্ষণ-তুষারপাত : নেপালে এভারেস্টের পাদদেশে আটকা কয়েক শ’ পর্যটক


