তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন আখাউড়ার বাসিন্দারা। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে শনিবার পৌরশহরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
দুপুর ১২ টার দিকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। এতে ব্যবসায়ী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিল থেকে ‘লোডশেডিং বন্ধ করো’, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাই’—এমন নানা স্লোগান দেওয়া হয়।
বিক্ষোভকারীরা বলেন, প্রতিদিন ঘণ্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গরমে শিশু ও বয়স্করা বেশি ভোগান্তিতে পড়ছেন। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ব্যবসা-বাণিজ্যেও ব্যাঘাত ঘটছে।
পৌর শহরের নারায়ণপুরের ব্যবসায়ী শাহাবুদ্দিন বলেন, “দিনের গুরুত্বপূর্ণ সময়ে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া এবং ব্যবসায়ীদের ব্যবসায় ক্ষতি হচ্ছে।ঘনঘন লুট শুটিংয়ের কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতির নষ্ট হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন।”
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দ্রুত লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তাঁরা।
পড়ুন- যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার
দেখুন- কীমের ভয়ে তটস্থ ট্রাম্প?


