বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বেড়েছে। স্পট মার্কেটে স্বর্ণের দাম বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৯টা ১৭ মিনিটে প্রতি আউন্সে ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৩২ দশমিক ৭৯ ডলারে দাঁড়ায়। আর জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪ হাজার ৭৫০ দশমিক ২০ ডলারে পৌঁছায়।
টিডি সিকিউরিটিজের গ্লোবাল হেড অব কমোডিটি স্ট্র্যাটেজি বার্ট মেলেক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘সুদের হার কমে যাওয়ায় স্বর্ণের দামে কিছুটা স্বস্তি মিলেছে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর হরমুজ প্রণালি সংক্রান্ত পরিস্থিতির সমাধান হতে পারে—এমন আশাও বাজারে কাজ করছে। তবে পরিস্থিতি এখনও খুবই নাজুক ও অনিশ্চিত।’
কিটকো মেটালসের সিনিয়র বিশ্লেষক জিম ওয়াইকফ বলেন, ‘মঙ্গলবারের ক্ষতির পর স্বর্ণ ও রূপাসহ মূল্যবান ধাতু কম দামে কেনার প্রবণতা দেখা যাচ্ছে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে স্বর্ণের দাম প্রায় ১১ শতাংশ কমেছে। তেলের দাম বাড়ায় মুদ্রাস্ফীতির আশঙ্কা বেড়েছে। যদিও স্বর্ণকে সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, তবে উচ্চ সুদের হার সুদবিহীন এই ধাতুর চাহিদা কমিয়ে দেয়।
অন্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৭ দশমিক ৮৪ ডলারে ওঠে। প্লাটিনাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ২ হাজার ৬৪ দশমিক ৯৫ ডলারে এবং প্যালাডিয়াম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৪৮ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়।
এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায় বেচাকেনা হচ্ছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

