সীমান্ত নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১০ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা এবং ০১টি ভারতীয় গরু জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি চৌকস আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াহাটি এলাকায় সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কৌশলগত অবস্থান নেয়। পরে ২২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১১টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকের বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরা লুকানো রয়েছে। তাৎক্ষণিকভাবে এসব জিরা জব্দ করা হয়।
অপরদিকে একইদিন চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপি’র নিয়মিত টহল দল দুপুর ১২টার দিকে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নলুয়া চা-বাগান এলাকা থেকে ০১টি ভারতীয় গরু জব্দ করে।
বিজিবি জানায়, জব্দকৃত মালামালের সিজার মূল্য আনুমানিক ১০ লক্ষ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত জিরা ও গরু সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
পড়ুন : হবিগঞ্জে বিজিবির বিশেষ অভিযানে ২ কোটি টাকার ভারতীয় অবৈধ ঔষধ ও ফুচকা জব্দ


