বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ‘কৃষক কার্ড’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রথম ধাপে এই কার্ড উদ্বোধন করেন তিনি। এ সময় উপহার হিসেবে কৃষকদের মাঝে ফলের গাছ উপহার দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, ‘আম ও জাম ফল ধরলে আমাকে পাঠাবেন।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আপনারা ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন, সেই আস্থার মর্যাদা রাখতে চায় সরকার।’
আজ দুপুর সোয়া ১২টার দিকে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ তুলে দেন প্রধানমন্ত্রী।
কৃষক কার্ড বিএনপির উল্লেখযোগ্য নির্বাচনি প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি। এর আগে প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খালখনন কর্মসূচি চালু করেছে সরকার। প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।
কারা পাবেন ‘কৃষক কার্ড’-
এদিকে, কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, শুরুতে দেশের ১১টি কৃষি ব্লকে কর্মসূচির প্রাক-পাইলটিং পর্যায় বাস্তবায়ন করা হবে, যাতে ‘কৃষক কার্ড’ পাবেন ২০ হাজার ৬৭১ ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক। এই কার্ডের মাধ্যমে বছরে দুই হাজার ৫০০ টাকা নগদ সুবিধা পাবেন তারা।


