ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযানকে ভুল সিদ্ধান্ত বলে মনে করছেন অধিকাংশ মার্কিন নাগরিক। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, ৬১ শতাংশ মার্কিনি এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন, যা দেশটির বর্তমান প্রশাসনের জন্য বাড়তি চাপ তৈরি করছে।
ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ এবং ইপসোস-এর যৌথ উদ্যোগে পরিচালিত এ জরিপের তথ্য শনিবার (২ মে) প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরে সিএনএন। এতে বলা হয়, যুদ্ধকালীন নীতির প্রতি জনসমর্থন দ্রুত কমে আসছে এবং তা প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।
জরিপ বিশ্লেষণে ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরেছে দ্য ওয়াশিংটন পোস্ট। তারা জানিয়েছে, ২০০৬ সালের মে মাসে ইরাক যুদ্ধ নিয়ে করা এক জরিপে ৫৯ শতাংশ মার্কিনি যুদ্ধটিকে ভুল বলেছিলেন। একইভাবে, ১৯৭১ সালে গ্যালপ-এর এক জরিপে দেখা যায়, প্রতি ১০ জনের মধ্যে ছয়জন ভিয়েতনাম যুদ্ধকে ভুল হিসেবে আখ্যায়িত করেছিলেন। ফলে বর্তমান ইরান ইস্যুতে জনমতের বিরূপতা অতীতের বড় যুদ্ধগুলোর সময়কার পরিস্থিতির সঙ্গে তুলনীয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
রাজনৈতিক বিভাজনও জরিপে স্পষ্ট হয়ে উঠেছে। ডেমোক্র্যাটদের মধ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠ—প্রতি ১০ জনে ৯ জন—ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিরোধিতা করছেন। পাশাপাশি ৭১ শতাংশ স্বতন্ত্র ভোটার এবং ১৯ শতাংশ রিপাবলিকান সমর্থকও যুদ্ধকে ভুল সিদ্ধান্ত হিসেবে দেখছেন।
বিশ্লেষকদের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি অস্থিরতার আশঙ্কা সাধারণ মার্কিনিদের মধ্যে এই নেতিবাচক মনোভাব বাড়িয়ে তুলেছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ-পরবর্তী সময়ে তেলের দাম কমার আশ্বাস দিলেও বাস্তবতা নিয়ে সংশয় কাটছে না।
সার্বিকভাবে, এই জরিপের ফলাফল যুক্তরাষ্ট্রের ইরান নীতির ওপর ক্রমবর্ধমান জনঅসন্তোষের ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে দেশটির রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থানকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।
পড়ুন: ইরান ইস্যুতে বিরোধ: জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত
আর/


