ইসরাইলের দক্ষিণাঞ্চলে অবস্থিত নেভাতিম বিমানঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার (২৬ এপ্রিল) এ হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ‘প্যালেস্টাইন-২’ নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে এবং এটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। হুথিদের দাবি, ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে।

তবে ইসরাইলের সেনাবাহিনী এর ভিন্ন তথ্য দিয়েছে।
তারা জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিরোধ করতে সক্ষম হয়েছে এবং বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
২০২৩ সালের নভেম্বর থেকে হুথি গোষ্ঠী লোহিত সাগর, আরব সাগর, বাব আল-মানদাব প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। গোষ্ঠীটি বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুথিরা সাময়িকভাবে হামলা বন্ধ রেখেছিল। তবে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে পুনরায় বিমান হামলা শুরু করলে, হুথিরাও আবার হামলা শুরু করে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
পড়ুন: গাজার রাফাহ এখন ইসরাইলের দখলে
দেখুন: যেভাবে ইসরাইলের পতাকা খুলে ফেলল কাক |
ইম/


