বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে ঈদ মানেই এক বিশেষ উৎসব। দর্শকদের জন্য যেমন এটি বড় বিনোদনের সময়, তেমনি প্রযোজক-পরিচালকদের জন্যও এটি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ব্যবসায়িক মৌসুম। সবে গেল ঈদুর ফিতর। ঈদুল ফিতরের সিনেমার রেশ এখনও কাটেনি। প্রেক্ষাগৃহে এখনও চলছে ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলো। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আজহার সিনেমার প্রস্তুতি। গত ঈদুল ফিতরে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছিল। সেগুলোর মধ্যে বনলতা এক্সপ্রেস, রাক্ষস, প্রেসার কুকার, দম বেশ আলোচিত হয়। কিন্তু তড়িঘড়ি শুটিং শেষ করে মুক্তি দেওয়ায় অনেকটা হতাশ করে শাকিব খানের প্রিন্স। তবে ঈদের সিনেমার মধ্যে এখনও দাপুটে বিচরণ করছে বনলতা এক্সপ্রেস। এরই মধ্যে আসছে ঈদুল আজহার সিনেমার তালিকা চূড়ান্ত করছেন নির্মাতা-প্রযোজকরা।
এবারের ঈদুল আজহায় বড় চমকের নাম হচ্ছে ‘রইদ’। হাওয়া সিনেমার দারুণ সাফল্যের পর রইদ নির্মাণ করেছেন মেজবাউর রহমান সুমন। ইতোমধ্যে নির্মাতা ঈদুল আজহায় দেশব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে সিনেমাটির গান প্রকাশ করে প্রচারণা পর্বও শুরু করে দিয়েছে রইদ টিম। মেজবাউর রহমান সুমন বলেন, ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দিচ্ছি আমরা। সম্ভাব্য মুক্তিকে সামনে রেখে সম্প্রতি এর প্রথম গানটি প্রকাশ করা হয়েছে। এই গানটি দিয়েই আসলে রইদের যাত্রাটা শুরু হলো বলা যায়। গানের সুরের মতোই ‘রইদ’-এর গল্পটিও দর্শকদের অনুভূতির গভীরে দাগ কাটবে এবং আসছে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তাদের অকৃত্রিম ভালোবাসা অর্জন করতে সক্ষম হবে।’
ঈদ উৎসব মানেই এখন প্রেক্ষাগৃহে শাকিব খানের নতুন সিনেমা মুক্তি। ঢাকাই ছবির এই শীর্ষ নায়কের সিনেমা মানেই ভক্তদের মাঝে উৎসবের আমেজ আরও বেড়ে যাওয়া। গেল ঈদে শাকিব খানের প্রিন্স ব্যবসায়িকভাবে সুবিধা করতে পারেনি। সেই রেশ ভুলে গিয়ে ভক্তরা এখন অপেক্ষায় আছেন নায়কের পরবর্তী সিনেমা ‘রকস্টার’-এর জন্য। এই সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো শাকিব খান ও সাবিলা নূর জুটি হয়েছেন। এর আগে তাদের একসঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গিয়েছিল। রকস্টার সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে সে ঘোষণা দিয়ে শুটিং শুরু করা হয়েছে। আজমান রুশো পরিচালিত সিনেমাটির শুটিং গত মাসে মালয়েশিয়ায় শুরু হওয়ার পর বর্তমানে দেশের বিভিন্ন লোকেশনে চলছে এর কাজ। ইতোমধ্যে অর্ধেকের বেশি শুটিং সম্পন্ন হয়েছে এবং মে মাসের প্রথম সপ্তাহে ক্যামেরা ক্লোজ হওয়ার কথা রয়েছে।
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম সর্বশেষ ‘সাপলুডু’ সিনেমায় একসঙ্গে জুটি হয়ে কাজ করেছিলেন। সেই সিনেমার পর এবার তারা জুটি হয়েছেন ‘মালিক’ সিনেমায়। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি গেল ঈদুল ফিতরে মুক্তির কথা উঠেছিল। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। পরে জানা গেছে শুটিং বাকি থাকায় মুক্তি থেকে পিছিয়ে যায় সিনেমাটি। এবার বাকি থাকা শুটিং শেষ করে ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে মালিক। নির্মাতা সাইফ চন্দন বললেন, ‘আমরা সিনেমাটির শুধু মুক্তি না, কোনো কিছুই এখনও অফিসিয়ালি জানায়নি। নামটিও এখনও জানানো হয়নি। তবে আমরা প্রস্তুত করছি। ঈদে মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবেই সব জানানো হবে।’
প্রায় পাঁচ বছর আগে ‘মাসুদ রানা’ সিনেমার শুটিং শুরু করেছেন নির্মাতা সৈকত নাসির। সিনেমাটির বেশির ভাগ শুটিং শেষ হলেও বাকি ছিল একটি গান ও কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য। নানা জটিলতার কারণে কাজটি দীর্ঘদিন আটকে ছিল। তবে সম্প্রতি সেই জট কাটিয়ে সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ। সিনেমাটিতে ‘মাসুদ রানা’ চরিত্রে অভিনয় করেছেন রাসেল রানা। তাঁর বিপরীতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে।
বুবলী ও আদর আজাদ অভিনীত সিনেমা ‘পিনিক’। মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করে থমকে আছে সিনেমাটি। জাহিদ জুয়েল পরিচালিত সিনেমাটি গেল দুই ঈদ ধরেই মুক্তির ঘোষণা দিয়ে সরে পড়ছে। কেবল হল না পাওয়ায় বার বার পেছানো হচ্ছে মুক্তি। আগামী ঈদুল আজহাতেও সিনেমাটি মুক্তি পাবে বলে জানানো হয়েছে।
এ ছাড়াও রায়হান খান পরিচালিত ‘ট্রাইব্যুনাল’ সিনেমাটিও ঈদে মুক্তি পেতে পারে জানিয়েছেন পরিচালক। এই সিনেমাটিও গত ঈদুল ফিতরে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছিল। সিনেমাটিতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, নুসরাত ফারিয়া, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার। চার নায়িকা ছাড়াও রয়েছেন তারিক আনাম খান, আদর আজাদ ও ইভন। সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি রয়েছে এখনও। নির্মাতা জানিয়েছেন, তারা শুটিং শেষ করার চেষ্টা করছেন। শেষ হলেই ঈদে মুক্তির কথা জানাবেন।
অনিক বিশ্বাস পরিচালিত ‘শিরোনাম’ নামের সিনেমাটিতেও ঈদুল আজহায় মুক্তির কথা ভাবছে প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমাটিতে নায়ক হিসেবে আছেন নিরব। শোনা যাচ্ছে সিনেমাটির নাম বদলে নতুন নামে ঈদুল আজহায় মুক্তি পাবে। তবে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
উপকূলের মানুষের জীবনযাপনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘হাঙর’ সিনেমা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নেপালি অভিনেতা প্রমোদ অগ্রাহারি।
সিনেমাটি নির্মাণ করেছেন তন্ময় সূর্য। গেল রোজার ঈদে মুক্তির আওয়াজে থাকলেও পিছিয়ে পড়ে। আগামী ঈদুল আজহায় মুক্তির মিছিলে যুক্ত হওয়ার বিষয়েও জানা গেছে।
পড়ুন:শিল্প কারখানায় নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি
দেখুন:ভেসে উঠেছে ইরানের মি/সা/ই/ল সিটি, আন্তর্জাতিক সব খবর
ইমি/


