বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন, কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ ‘মাফিয়া তন্ত্র’ কায়েম করেছেন।
তিনি বলেন, “গত ১৭ বছরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিয়ে বারবার কারাবরণ করেছেন, জুলাই-আগস্টের আন্দোলনে সক্রিয় ছিলেন, ৫ আগস্টের পরেও তাদের উপর দমন-পীড়ন বন্ধ হয়নি। বরং আসিফ মাহমুদের নির্দেশেই এসব নেতাকর্মীদের জেলে পাঠানো হয়েছে।”
সোমবার (৪ আগস্ট) দুপুরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নাসির উদ্দিন বলেন, “পুরো বাংলাদেশে যেখানে ইতিবাচক রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে, সেখানে মুরাদনগরে দমন-পীড়নের রাজনীতি চলছে। আওয়ামীলীগের কোন নেতাকর্মী জেলে নেই, অথচ বিএনপি ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী এখনও কারাগারে বন্দী। এটা প্রমাণ করে, আসিফ মাহমুদ তার ব্যক্তিগত পছন্দ-অপছন্দ অনুযায়ী মুরাদনগরকে শাসন করছেন।”
তিনি আরও বলেন, “নাজিম মাহমুদের গ্রেফতারের খবর শুনে তার মমতাময়ী মা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এটি শুধু একটি পরিবারের জন্য নয়, আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্যও গভীর বেদনার।”
তিনি অবিলম্বে গ্রেফতারকৃত ১৩ নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়ে বলেন, “মুরাদনগরের জনগণ এই অন্যায়ের জবাব দেবে।”
এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরবর্তীতে নাসির উদ্দিন নাসির নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন এবং শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।
পড়ুন: বিপদসীমার নিচে তিস্তার পানি, লালমনিরহাটে পানিবন্দি ৪ হাজার মানুষ
দেখুন: সুনামগঞ্জে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির পূর্বাভাস, নদীর পানিও বাড়ছে
ইম/


