কিশোরগঞ্জের ভৈরবে বাস চাপায় অটোরিক্সার চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ২ জন। দুর্ঘটনার পর বাস ফেলে পালিয়ে যায় এর চালক।
আজ সোমবার (১৪ জুলাই) দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পান্নাউল্লাহচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নির্মাণ শ্রমিক জুয়েল ভৈরব উপজেলার বাশঁগাড়ি গ্রামের জালাল মিয়ার ছেলে। অন্যদিকে অটোরিক্সা চালক কাইয়ুম মিয়া উপজেলার শম্ভুপুর গ্রামের হোসেন আলী ছেলে।
স্থানীয়রা জানায়, আজ সকালের দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ী এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় চড়ে কাজে যাচ্ছিলেন নির্মাণ শ্রমিক জুয়েল মিয়াসহ আরও ২ জন শ্রমিক। অটোরিক্সাটি পার্শ্ব রাস্তা থেকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উঠার সময় ময়মনসিংহগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাস চাপা দিলে দুমরে-মুচরে যায় অটোরিক্সাটি এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় অটোরিক্সা চালক কাইয়ুম মিয়া। অপর দুই আহত যাত্রীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
ভৈরব হাইওয়ে থানার এস আই রোকনুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা সংঘটিত বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন: ময়মনসিংহে ২ শিশুসহ মাকে গলা কেটে হত্যা
দেখুন: সংস্কার হচ্ছে পোস্তগোলা সেতু, বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশ
ইম/


