খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি মোঃ রনি ওরফে ন্যাটা রনিকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-৬।
সোমবার (২৭ এপ্রিল ) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বাগেরহাট সদর থানার বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এর আগে গত ১২ এপ্রিল খালিশপুর থানায় সংঘটিত সোনামিয়া হত্যা মামলার তদন্তে তাকে সন্দেহভাজন পলাতক আসামি হিসেবে শনাক্ত করা হয়।
র্যাব জানায়, ধৃত রনির বিরুদ্ধে খালিশপুর থানায় ১টি হত্যা মামলা, ২টি হত্যা চেষ্টা মামলা, ১টি দস্যুতা মামলা এবং ২টি চুরি মামলাসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগও রয়েছে।
র্যাব ফোর্সেস জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার, সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খালিশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন- দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত: ডা. জাহেদ
দেখুন- নতুন ভাড়ায় ভোগান্তি বাড়লো দূরপাল্লার বাসের যাত্রীদের


