শিক্ষক পদোন্নতি, সংবিধি প্রনয়ণ ও বাস্তবায়নের দাবিতে উপাচার্যের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আন্দোলনের ঘোষণা দেন তারা।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজ্ঞান অনুষদের ডিন ড. ধিমান কুমার রায় বলেন, দুই বছরের বেশি সময় ধরে তারা পদোন্নতি বঞ্চিত রয়েছেন। ইউজিসির সংবিধির দোহাই দিয়ে তাদের পদোন্নতি আটকে রাখা হয়েছে যার ভুক্তভোগী শিক্ষকরা। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংবিধি অনুযায়ী পদোন্নতি ও সংবিধি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন তারা।
শিক্ষকরা জানান, কিন্তু তাদের দাবি আমলে না নেয়ায় তারা এর আগে শাটডাউন কর্মসূচি পালন করেছেন। তারপরও কতৃপক্ষ কোন উদ্যোগ নেয়নি। অবিলম্বে তাদের দাবি আদায়ে এবং উপাচার্যের বিরুদ্ধে আজ থেকে অসহযোগ কর্মসূচির ঘোষণা দেন তারা।
তাদের এই কর্মসূচির সঙ্গে একাত্বতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তবে এই আন্দোলনের কারণে সেশন জটের শিকার হবে বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম পৃথক এক সংবাদ সম্মেলনে দাবি করেন, শিক্ষকদের পদোন্নতির বিষয়ে ইউজিসির সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে একটি সিদ্ধান্তে পৌছানো হয়েছে। কিন্তু শিক্ষকদের সঙ্গে বিষযটি নিয়ে আলোচনার আহ্বান জানানো হলেও তারা সারা দেননি। এই অবস্থায় শিক্ষকরা অসহযোগ আন্দোলন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন:‘হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র’
দেখুন:ইরানের যে শক্তিতে কাঁপছে ট্রাম্প-নেতানিয়াহু!
ইমি/


