সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারিয়েছে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবক। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপসহীন নেতৃত্ব দেশকে বারবার দিকনির্দেশনা দিয়েছে।
খালেদা জিয়ার পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানানো হয়।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, শোকের এই সময়ে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোনও ধরনের অস্থিতিশীলতা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
পড়ুন: গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী


