গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে নতুন চার সদস্যের আগমন ঘটেছে। গত এক মাসের মধ্যে পার্কের কোর সাফারিতে শাবক চারটির জন্ম হয়েছে। মায়ের সঙ্গে খুনসুটি আর অন্য প্রাণীদের সঙ্গে ছোটাছুটি করেই সময় কাটছে তাদের। নতুন অতিথিদের দেখতে পেয়ে আনন্দিত পার্কে আসা দর্শনার্থীরা, বিশেষ করে শিশুরা।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, শাবক চারটি সুস্থ আছে এবং নিয়মিত মায়ের দুধ পান করছে। তবে এখনো তাদের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জন্মের পরপরই শাবকদের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়নি। বর্তমানে শাবকগুলোর জন্য বিশেষ পরিচর্যা ও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, প্রায় এক মাস আগে কোর সাফারির হরিণ সাফারি এলাকায় মায়ের সঙ্গে শাবকগুলোকে প্রথমে দেখা যায়। শাবকগুলোর নিরাপত্তা ও সার্বিক বিষয় বিবেচনা করে তখন বিষয়টি প্রকাশ করা হয়নি।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, প্রায় এক মাস আগে পার্কের কোর সাফারির দায়িত্বে থাকা কর্মচারীরা প্রথমে নীলগাইয়ের শাবক দেখতে পান। পরে মোট চারটি শাবকের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। নিরাপত্তার কথা বিবেচনা করে শুরুতে বিষয়টি প্রকাশ করা হয়নি। তিনি জানান, অনেক সময় চারটি শাবককে একসঙ্গে খুনসুটি করতে দেখা যায়। নতুন শাবকগুলোর জন্মের ফলে পার্কে দর্শনার্থীদের আনন্দও বেড়েছে। বিশেষ করে শিশুরা ছোট ছোট নীলগাইয়ের শাবক দেখে বেশ আনন্দ পাচ্ছে। সদ্য জন্ম নেওয়া চারটি শাবকসহ বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা ১৩টি।
পড়ুন : ঢামেকে দুদকের আকস্মিক অভিযান, ক্ষুব্ধ দুদক চেয়ারম্যান
সা/


