খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া ভড়েঙ্গারচক এলাকায় আলোচিত সুখেন চন্দ্র সরদার হত্যা মামলায় আসামি প্রকাশ সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
একই মামলায় অপর আসামি প্রকাশ সরদারের স্ত্রী রূপা সরদারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে ব্যর্থ হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত প্রকাশ সরদার ও খালাসপ্রাপ্ত রূপা সরদার আদালতে উপস্থিত ছিলেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) চৌধুরী তৌহিদুর রহমান তুষার। উল্লেখ্য, সুখেন চন্দ্র সরদার হত্যা মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করলেন।
পড়ুন : রাঙ্গাবালীতে লিজ নেওয়া মাছের ঘের ভোগদখলে বাঁধা ও হামলার অভিযোগ


